অর্পিতা মুখার্জী, কলকাতা: পাহাড়ি সেতু পেরোতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারাল বাস। তারপর সোজা ছিটকে পড়ল নদীর খাদে। মঙ্গলবার ভোরে উত্তরাখণ্ডের টিহরী গঢ়বাল জেলায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রাথমিক খবর অনুযায়ী, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ জনের। আহত হয়েছেন অন্তত ২০ জন।
গুলার বাজারের কাছে একটি সেতুর উপর দিয়ে যাচ্ছিল বাসটি। ভিতরে ছিলেন প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই বাসটি বেসামাল হয়ে সেতুর রেলিং ভেঙে প্রায় ১০০ মিটার নীচে নদীর ধারে গিয়ে আছড়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসে স্থানীয় থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। ঘটনাস্থলে পৌঁছোন টিহরী গঢ়বালের জেলাশাসক নিতিকা খন্ডেলবল এবং সিনিয়র পুলিশ সুপার শ্বেতা চৌবে-সহ শীর্ষ আধিকারিকেরা।
শুরু হয় উদ্ধারকাজ। খাদ থেকে একে একে তোলা হয় আহতদের। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দল। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
এদিকে, এর আগের রাতেও উত্তরাখণ্ডে ঘটেছে আর এক ভয়াবহ পথ দুর্ঘটনা। সোমবার রাতে রুদ্রপ্রয়াগ জেলায় পোখারি থেকে রানসির দিকে যাওয়ার সময় একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন আরও কয়েকজন।এক রাতের ব্যবধানে দু’টি দুর্ঘটনায় পাহাড়ি রাজ্যে নেমে এসেছে শোকের ছায়া।