নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুরের সাহা চকে ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রী বোঝাই পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মারায় মৃত্যু হল এক জনের, আহত অন্তত ১২ জন।
স্থানীয় সূত্রে খবর, পিকআপ ভ্যানটি একটি অনুষ্ঠান সেরে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের দিকে ফিরছিল। গাড়িতে পুরুষ ও মহিলা মিলিয়ে বহু যাত্রী ছিলেন। সকলেরই বাড়ি চণ্ডীপুর এলাকায়। ভোরের দিকে চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনার খবর পেয়েই সাদাতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।
বিজেপির স্বাস্থ্য সেলের আহ্বায়ক পবিত্র সাহু জানান, ১২ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মেদিনীপুরের বিধায়ক ডা. শঙ্কর গুছাইত হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
সামনেই শীতকাল। ভোরে ও রাতে কুয়াশা বাড়ায় দৃশ্যমানতা কমে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। বিশেষ করে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গাড়িতে রিফ্লেক্টর না থাকা এবং দীর্ঘ পথে চালকের ঘুমিয়ে পড়া বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। পুলিশ প্রশাসনের তরফে চালকদের রাতে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালানো এবং কুয়াশায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।