ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করতে চলেছে ২০২৫ সালের প্রথম সেমিস্টারের ফলাফল। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য জুড়ে পরীক্ষার্থীদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও উৎকণ্ঠা। এবার প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছিল, ফলে ফল প্রকাশ ঘিরে আগ্রহ ছিল দ্বিগুণ।
পর্ষদ জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে মোট প্রায় ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন প্রথম সেমিস্টারের পরীক্ষায়। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা, যা ছিল উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে নতুন পরিবর্তনের অংশ। পরীক্ষার মাত্র ৩৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় অনেক দ্রুত। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের পোর্টালে ছাত্রছাত্রীরা নিজেদের ফল দেখতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল result.wb.gov.in https://result.wb.gov.in -এ। সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করলেই স্কোরকার্ড দেখতে পাবে পরিক্ষার্থীরা।
সংসদ জানিয়েছে, ফল প্রকাশের পরেও কোনো পরীক্ষার্থী যদি নিজের ফলাফলে ভুল পান, অথবা রেজাল্ট দেখতে সমস্যায় পড়েন, তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে আবেদন জানানো যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে।
শিক্ষা মহলের মতে, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ফলে ছাত্রছাত্রীদের ওপর বছরের শেষের চাপ অনেকটাই কমেছে। একই সঙ্গে পরীক্ষার মান ও মূল্যায়ন প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে। তবে কিছু শিক্ষকের মতে, নতুন পদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই আরও কিছু সময় প্রয়োজন।
সংসদের সুত্র অনুযায়ী শুক্রবার বেলা ১২ টার সময় সরকারী লিঙ্ক থেকে ডিজিটাল ভাবে দেখা যাবে রেসাল্ট। দুপুর ২ পর পরিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয়ে নিজেদের রেসাল্টের কপি সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে উচ্চ শিক্ষা পর্ষদ।
