ওঙ্কার ডেস্ক: কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। এই আবহে এপস্টিনের ছায়া ভারতে! শিশুদের যৌন নির্যাতন করে তার ভিডিও ধারণে দোষী সাব্যস্ত হওয়ায় শুক্রবার উত্তর প্রদেশের বান্দার বিশেষ পকসো আদালত এক দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছে। দোষীরা ডার্ক ওয়েবে শিশুদের যৌন নির্যাতনের ভিডিও বিক্রি করত বলেও অভিযোগ।
পকসো আদালতে দোষী সাব্যস্ত হওয়া ওই দম্পতির নাম রাম ভবন এবং দুর্গাবতী। রাম জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল। আদালত এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ ঘটনা হিসেবে অভিহিত করেছে। ওই দম্পতি ৩৩ জনেরও বেশি শিশুকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। শিশুদের যৌন নির্যাতন, পর্নোগ্রাফির উদ্দেশ্যে শিশুদের ব্যবহার এবং ইন্টারনেটে শিশু যৌন নির্যাতনের ভিডিও তৈরি এবং প্রচারের অভিযোগে রাম ভবন এবং তার স্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ২০২০ সালের ৩১ অক্টোবর মামলা দায়ের করে। তদন্ত শেষ করে সিবিআই ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি দম্পতির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ২০২৩ সালের ২৬ মে, ট্রায়াল কোর্টে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সরকারি আইনজীবী সৌরভ কুমার সিং বলেন, এফআইআরে বলা হয়েছে যে, চিত্রকূটে একটি ভাড়া ঘরে থাকাকালীন রাম এবং দুর্গাবতী ৩৩ জন শিশুর যৌন নির্যাতনের ভিডিও তৈরি করেছিল, যা তারা ৪৭টি দেশে মক্কেলদের কাছে পাঠিয়েছিল। তদন্তে জানা গিয়েছে ওই দম্পতি এই ধরণের ২ লক্ষ ভিডিও তৈরি করেছিল। ১০ থেকে ১২ বছর ধরে এই জঘন্য কাজ করে আসছিল দোষীরা। ট্রায়াল কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে প্রত্যেক নির্যাতিতকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে আদালত অভিযুক্তদের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা নগদ ৮ লক্ষ টাকা ভুক্তভোগীদের মধ্যে সমান ভাগে বিতরণ করারও নির্দেশ দিয়েছে।
