অরূপ ঘোষ, ঝাড়গ্রাম: ভিনরাজ্য ওড়িশা থেকে বাংলায় অবৈধভাবে বালি পাচারের অভিযোগে অভিযান নয়াগ্রামে। রবিবার গভীর রাতে নিগুই এলাকায় টহল চলাকালীন বালি বোঝাই একটি ডাম্পার আটক করে নয়াগ্রাম থানার পুলিশ। গ্রেফতার করা হয় চালক ও খালাসিকে। সোমবার দু’জনকেই ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, রাতে নিগুই এলাকায় টহল দেওয়ার সময় হলুদ রঙের ডাম্পারটি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। বালি পরিবহণের বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক ও খালাসি কোনও চালান বা নথি দেখাতে পারেননি বলেই অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওড়িশার মুরুড়া এলাকার একটি খাদান থেকে বালি নিয়ে বাংলায় ঢুকছিল গাড়িটি। প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে এই পাচারের চেষ্টা হচ্ছিল। বৈধ নথি ছাড়া পরিবহণের অভিযোগে ডাম্পারটি বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনার নেপথ্য়ে কোনও বড় আন্তঃরাজ্য পাচারচক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে নয়াগ্রাম থানার পুলিশ। পুলিশের এই অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।