ওঙ্কার ডেস্ক: ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কলকাতায় রেড রোডে কুচকাওয়াজে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়ল বেশ কয়েক জন পড়ুয়া। শুক্রবার পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ার পর তাদেরকে চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন সেখানে তাদেরকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের শারীরিক অবস্থা নিয়ে জানান, অসুস্থ হওয়া পড়ুয়াদের নিয়ে ভয়ের কিছু নেই। গরমের ফলে কয়েক জন অসুস্থ হয়ে পড়েছিল। তবে এখন প্রত্যেকের শরীর ঠিক আছে। কেবল এক জন ছাত্রী একটু বেশি অসুস্থ। চিকিৎসকেরা তার উপর নজর রাখছেন। সূত্রের খবর, শুক্রবার রেড রোডে কুচকাওয়াজ চলাকালীন ৫৩ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের সবাইকে নিয়ে আসা হয় হাসপাতালে। ৫৩ জনের মধ্যে মাত্র এক জন পড়ুয়াকে ভর্তি করতে হয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। তবে প্রোগ্রাম থাকলে অনেকের টেনশন হয়। না-খেয়েছিল। অনেকের ডিহাইড্রেশনের সমস্যা ছিল। এক জনকে দেখে অন্যেরা অসুস্থ বোধ করে। এটা মানসিক ব্যাপার। তবে এখন সকলেই ভাল আছে।’ রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘ওদের চুলগুলো বাঁধা ছিল। আমি গিয়ে খুলে দিয়েছি। মাথায় হাত বুলিয়ে একটু আদর করে দিয়েছি সকলকে। জল ও মিষ্টি খাইয়ে দিয়ে এসেছি।’
