ওঙ্কার ডেস্ক: যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার দুই দেশ সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছে। তবে যুদ্ধবিরতিতে রাজি হলেও এখনও অপারেশন সিঁদুর অভিযান চলছে বলে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে। আগামী ১২ তারিখ দুপুর ১২টা নাগাদ দুই দেশের ডিজিএমও কথা বলবেন। সেই সময় পর্যন্ত ইসলামাবাদের কাজ কর্মের উপর নজর রাখবে ভারত। এই সময় মুলত পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় পর্বের মধ্যে ইসলামাবাদ যদি কোনও ষড়যন্ত্র করে তাহলে পরিস্থিতি পাল্টে যেতে পারে।
ভারতের প্রত্যাঘাতের ফলে সারগোধা, লাহোর, পেশোয়ার, নূরখান, রাওলাপিন্ডি, মুরিদ বিমানঘাঁটি, চাকওয়াল, রাফিকি বিমানঘাঁটি, রহিম ইয়ার খান, চাকলালা বিমানঘাঁটি, সুককুর বিমানঘাটি, শিয়ালকোট, পসরুর ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য দিকে, পাকিস্তানের তরফে উধমপুর, আদমপুর, ভূজ, পাঠানকোট, ভাতিন্ডা, সিরসা, সুরতগড়, নাগরোটা, চণ্ডীগড়ে আঘাত করার চেষ্টা হয়েছিল। যদিও সেই আক্রমণ ব্যর্থ করে দিয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
উল্লেখ্য, রবিবার ভারতের বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে অপারেশন সিঁদুর এখনও চলছে। জঙ্গি দমন অভিযান এখনও জারি থাকবে বলে জানানো হয়েছে সেনার তরফে। রবিবার এক্স হ্যান্ডেলে ভারতীয় সেনা লিখেছে, ‘এই অভিযান চলছে। সময়মতো সেই বিষয়ে তথ্য দেওয়া হবে। জল্পনা এবং ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছে আইএএফ।’
