ওঙ্কার ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ সব মিলিয়ে ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে ওয়াশিংটনের তরফে। এ বার এই বিষয়ে নাম না করে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারতের পণ্যে শুল্ক আরোপ করায় রুশ অর্থনীতি ধাক্কা খেয়েছে।
আগামী শুক্রবার আলাস্কায় মুখোমুখি হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, সেই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। পুতিনকে যুদ্ধ থামানোর বিষয়ে বলতে পারেন ট্রাম্প। তার আগে ভারতের নাম না নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঠিক কী বলেছিলেন ট্রাম্প? সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার কাছ থেকে সর্বাধিক বা দ্বিতীয় সর্বাধিক তেল কেনে যে দেশ, তাদেরকে মার্কিন প্রেসিডেন্ট বলে দিয়েছেন, মস্কোর কাছ থেকে তেল কিনলে আমরা তাদের উপর ৫০ শতাংশ শুল্ক চাপাচ্ছি। এটি একটি বড় ধাক্কা ছিল।’ ওই মন্তব্যে ভারতের নাম করেননি সরাসরি ট্রাম্প। তবে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ভারতকে বোঝাতে চেয়েছেন।
উল্লেখ্য, প্রথমে ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপান ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার কারণে পরে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি নয়াদিল্লির উপর। ট্রাম্পের অভিযোগ, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে ভারতের সঙ্গে কোনও বাণিজ্যিক আলোচনা ওয়াশিংটন করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
