ওঙ্কার ডেস্কঃ বুলেট ট্রেন প্রকল্প কার্যত ঠাণ্ডা ঘরে চলে গিয়েছিল। আবার নতুন উদ্যমে বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু করল মোদী সরকার। সূত্রের খবর, সব ঠিক থাকলে ২০২৭ সালের ১৫ আগস্টই ট্র্যাকে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। নতুন বছরের শুরুতেই সুসংবাদ শোনালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, “সব ঠিক থাকলে ১৫ আগস্টই ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন। ২০২৭ সালের স্বাধীনতা দিবসের আগে বুলেট ট্রেনের টিকিট কিনে ফেলুন। দেশে প্রথম বুলেট ট্রেন ছুটবে।” যদিও ডেডলাইন পালন সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
সূত্রের খবর, জাপানি শিনকানসেন প্রযুক্তিতে চালানো হবে এই ট্রেনটি। ট্রেন লাইনটি তৈরি করছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন। ইতিমধ্যেই ৩০০ কিলোমিটার ভায়াডাক্টের কাজ শেষ। জানা গিয়েছে, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনটি ৫০৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। থামবে ১২টি স্টেশনে। এর মধ্যে ৯টি স্টেশন গুজরাটে। ৩টি মহারাষ্ট্রে।
উল্লেখ্য, বুলেট ট্রেনের প্রস্তুতি শুরু হয় ২০১৭ সালে। ২০২৩ সালের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে একের পর এক প্রকল্প ডেডলাইন মিস করেছে। জানা গিয়েছে, রূপায়ণে বিলম্বের কারণে প্রকল্পের খরচ ১.৬ লক্ষ কোটি টাকা পার করে যাবে। আপাতত ২০২৭ সালের আগস্ট মাসকে ডেডলাইন ধরে এগোচ্ছে মোদি সরকার। ততদিনে কাজ শেষ হয় কিনা সেটাই দেখার।
