স্পোর্টস ডেস্ক : কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টের হেরিটেজ ব্যাঙ্ক স্টেডিয়ামে বৃহস্পতিবার চতুর্থ টি২০ ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে পাচঁ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল ভারত। পরপর ২ ম্যাচে হারল অস্ট্রেলিয়া।
অ্যাশেজের প্রস্তুতির জন্য জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেডদের টি২০ সিরিজের শেষ পর্বে আর খেলানো হচ্ছে না। তাতেই নিজেদের দেশের মাটিতে লড়াইয়ের যেন শক্তি হারিয়েছে অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান মার্শ। অস্ট্রেলিয়ার আগের ম্যাচের দল থেকে চারজনকে পরিবর্তন করলেও, ভারত বিজয়ী দলের কম্বিনেশনই ধরে রেখেছিল। তাতে ভারত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে। শুভমন গিল ৩৯ বলে ৪৬ রান করে ফেরেনষ অন্যদিকে অভিষেক শর্মা ২১ বলে ২৮ রান করেন। ব্যক্তিগত পারফরম্যান্স নয়, বরং দলগত লড়াইয়েই অনায়াসে জয় পায় ভারত। শিবম দুবে ২২ রান, অধিনায়ক সূর্যকুমার যাদব ২০ রান ও শেষদিকে অক্ষর প্যাটেলের অপরাজিত ১১ বলে ২১ রানের হালকা ঝড়ে ১৬৭ রান তোলে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে নাথান অ্যালিস, অ্যাডাম জাম্পা তিনটি করে উইকেট নেন। জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ১৮.২ ওভারেই ১১৯ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে বল হাতে ওয়াশিংটন সুন্দর তিনটি, শিবম দুবে, অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন। ১১ বলে অপরাজিত ২১ রান করে ও দুই উইকেট নিয়ে অক্ষর প্যাটেল ম্যাচের সেরা হয়েছেন। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ শনিবার ব্রিসবেনের গাব্বায় অনুষ্ঠিত হবে। ম্যাচের শেষে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব বললেন,’সব ব্যাটারদের কৃতিত্ব দিতে চাই। বিশেষ করে অভিষেক এবং শুভমনকে। যে ভাবে বুদ্ধি করে ওরা পাওয়ার প্লে-তে খেলেছে তা প্রশংসনীয়। ওরা বুঝে গিয়েছিল এই পিচে ২০০ উঠবে না। পরে নেমে বাকিরা অবদান রেখেছে। ব্যাটিংয়ে একটা দাপুটে পারফরম্যান্স দেখতে পেলাম।”
বোলারদের নিয়ে সূর্যের বক্তব্য, “ওদের কাছে স্পষ্ট বার্তা ছিল। আমি আর গৌতি ভাইয়ের মত সব সময়েই এক থাকে। বোলারেরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। বিশেষ করে শিশির পড়ার সময়ে। যে ভাবে বল করেছে তা অসাধারণ।”
ম্যাচে মাত্র দেড় ওভার বল করে তিন উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। দু’টি উইকেট পেয়েছেন শিবম দুবেও। এই দুই ক্রিকেটারকে নিয়ে সূর্যকুমার বলেছেন, “দু’-তিন ওভার বল করে দিতে পারে এমন বোলার দলে থাকা সব সময়েই ভাল। কেউ কেউ চার ওভারও করে দেয়। সেটা পরিস্থিতির উপরে নির্ভর করে। কোনও দিন ওয়াশিংটন চার ওভার বল করবে, কোনও দিন শিবম বা অর্শদীপ কম বল করবে। এই বোঝাপড়াটা আমাদের মধ্যে রয়েছে। সবচেয়ে বড় কথা, সকলেই দলকে জেতাতে তৈরি।”
