ওঙ্কার ডেস্ক: আগামী দিনে শত্রু দেশের বুকে কাঁপন ধরাবে ভারতের অস্ত্র ভাণ্ডার। অস্ত্র কেনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ৬৭ হাজার কোটি টাকার চুক্তি করতে চলেছে নয়াদিল্লি। সূত্রের খবর, শতাধিক ব্রহ্মস ও ড্রোন কিনতে চলেছে ভারত। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রক ৬৭ হাজার কোটি টাকার চুক্তিতে অনুমোদন দিয়েছে। এই টাকা ব্যয় করা হবে অস্ত্র কিনতে এবং রক্ষণাবেক্ষণ করতে। সূত্রের খবর, মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই অস্ত্র কেনার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ৮৭টি সশস্ত্র ড্রোন কেনা হবে। যেগুলি হবে মাঝারি-পাল্লার দীর্ঘ সহনশীলতা সম্পন্ন। সেই ড্রোনগুলি তৈরি করা হবে ৬০ শতাংশ দেশীয় উপকরণ দিয়ে। আর এই কাজে সহযোগিতা করবে বিদেশি কোম্পানি। সূত্রের খবর, ৮৭টি ড্রোন কিনতে খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। এ ছাড়া ড্রোনগুলিকে আগামী ১০ বছর রক্ষণাবেক্ষণ করতে খরচ হবে আরও ১১ হাজার কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতিতে নতুন ১১০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’ তৈরি করতে ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা গবেষকদের অবদান রয়েছে। এই নামকরণের পিছনে রয়েছে রাশিয়া ও ভারতের দুই নদীর নাম। মূলত ভারতের ব্রহ্মপুত্র ও রাশিয়ার মস্কোভা নদীর নাম মাথায় রেখে এই নামকরণ করা হয়েছে। ভারত যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তা সামরিক ট্রাক, যুদ্ধবিমান, ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। পরমাণু অস্ত্রও বহন করতে পারে এটি।
