ওঙ্কার ডেস্ক: রুজি রুটির টানে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে আটকে পড়েছেন ভারতীয় যুবক। ইতিমধ্যে ওই ভারতীয় শ্রমিকের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তিনি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফে ওই শ্রমিকের বর্তমান অবস্থান জানতে চাওয়া হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মরুদেশে আটকে পড়া ওই যুবক উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার হান্দিয়ার বাসিন্দা। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘কপিল’ নামের একজন তাঁকে নিয়োগ করেছেন। শুধু তাই নয়, ওই যুবকের আরও অভিযোগ, তাঁর পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে এবং তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য অনুরোধ করছেন। ওই যুবক বলেন, ‘দয়া করে আমাকে সাহায্য করুন, আমি মরে যাব।’
যুবকের ভিডিওটি যিনি পোস্ট করেছেন, সেই পোস্টে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আবেদন জানিয়েছেন পোস্টকর্তা। লেখা হয়েছে, ‘মাননীয় বিদেশমন্ত্রী, দয়া করে অবিলম্বে বিষয়টি বিবেচনা করুন। প্রয়াগরাজের প্রতাপপুরের হান্দিয়ার একজন বাসিন্দা সৌদি আরবে আটকে পড়েছেন।’ ভিডিওতে ওই যুবক দাবি করেছেন, ‘আমার গ্রাম এলাহাবাদে… আমি সৌদি আরবে এসেছি। কপিলের কাছে আমার পাসপোর্ট আছে। আমি তাকে বলেছিলাম যে আমার বাড়ি যেতে হবে, কিন্তু তিনি আমাকে হত্যার হুমকি দিচ্ছেন।’ ওই যুবক আরও লেখেন, ‘আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই।’
ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কয়েক ঘন্টার মধ্যেই রিয়াধে ভারতীয় দূতাবাস প্রতিক্রিয়া জানিয়ে লিখেছে, ‘দূতাবাস ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে। ভিডিওটিতে সৌদি আরবের অবস্থান/প্রদেশ, যোগাযোগ নম্বর বা নিয়োগকর্তার বিবরণ সম্পর্কে কোনও তথ্য না থাকায় কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব নয়’।
