ওঙ্কার ডেস্কঃ ফের টরেন্টোয় ভারতীয় গবেষক ছাত্রের মৃত্যু। সূত্রের খবর, মৃত ছাত্রের নাম শিবাঙ্ক অবস্থি। টরন্টো পুলিশের তরফে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাতে স্কারবরো ক্যাম্পাস সংলগ্ন হাইল্যান্ড ক্রিক ট্রেল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কয়েকদিন আগেও টরেন্টোয় আরেক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়।
কানাডায় ভারতীয় ছাত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় কনস্যুলেট। একটি বিবৃতিতে ভারতীয় কনস্যুলেট জানায়, “টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবরো ক্যাম্পাসের কাছে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় তরুণ ভারতীয় পিএইচডি গবেষক শিবাঙ্ক অবস্থির মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে রয়েছে কনস্যুলেট এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সবরকম সহায়তা দেওয়া হচ্ছে।”
সংবাদ মাধ্যম সূত্রের খবর, চলতি বছরে এটা ৪১তম খুনের ঘটনা। কয়েক দিনের ব্যবধানে শহরে অপরাধের বলি হওয়া এটি দ্বিতীয় ভারতীয় নাগরিকের মৃত্যু।
টরন্টো পুলিশ সূত্রে খবর, এর আগে ৩০ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত তরুণী খুন হয়েছেন। নিহতের নাম হিমানশি খুরানা। এই ঘটনায় কানাডা জুড়ে এক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি টরন্টোরই বাসিন্দা ৩২ বছর বয়সি আবদুল গাফুরি।
