স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ প্রাক্তন ফুটবলাররা। মনসুখ মান্ডবিয়াকে চিঠি দিলেন দেশের একাধিক প্রাক্তন ফুটবলার। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের নেতৃত্বাধীন পরিচালন ব্যবস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা। চিঠিতে সই করেছেন বাইচুং ভুটিয়া, দীপক মণ্ডল, অরিন্দম ভট্টাচার্য, রেনেডি সিং, আনোয়ার আলি, ধনচন্দ্র সিং, আলভিটো ডি’কুনহা সহ একাধিক প্রাক্তন ফুটবলার।চিঠিতে প্রাক্তন ফুটবলাররা জানিয়েছেন, গত তিন বছরে ভারতের ফিফা র্যাঙ্কিং ৯৫ থেকে নেমে ১৩৮-এ পৌঁছেছে। কল্যাণ চৌবে এবং তাঁর পরিচালন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই অবনতি হয়েছে বলে অভিযোগ করা হয়। তাঁদের দাবি, ভারতের মতো ফুটবলপ্রেমী দেশের জন্য এই পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। একইসঙ্গে, আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হয়। বিশেষ করে যখন ভারত নিজেদের ক্রীড়াশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে।শুধু র্যাঙ্কিংয়ের অবনতিই নয়, দেশে একটি সুষ্ঠু ফুটবল লিগ আয়োজন করতেও ফেডারেশন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন ফুটবলাররা। লিগ শুরুর অনিশ্চয়তার কারণে জামশেদপুর এফসির মতো ক্লাবও বন্ধ হয়ে গিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর ফলে বহু ফুটবলার কর্মসংস্থান হারিয়েছেন। অনেকেই নিয়মিত আয় থেকে বঞ্চিত হচ্ছেন। ফুটবলারদের ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে পড়েছে।ফেডারেশন আর্থিক সমস্যার কথা বারবার তুলে ধরলেও, ব্রাজিল এবং উরুগুয়ের মতো দেশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ আয়োজন করতে বিপুল অর্থ খরচ করা নিয়েও প্রশ্ন তোলা হয় চিঠিতে। প্রাক্তন ফুটবলারদের দাবি, এই ম্যাচগুলি ভারতীয় ফুটবলের মান উন্নয়নে বিশেষ কোনও ভূমিকা নেয়নি।ব্রাজিল এবং উরুগুয়ে ম্যাচ আয়োজন করার জন্য বিপুল খরচের কথাও বলা হয়েছে। ভাইচুংদের অভিযোগ, ‘‘ফেডারেশনের আর্থিক বেহাল অবস্থার মধ্যেও ব্রাজিল, উরুগুয়ের মতো দলকে এনে বিপুল খরচ করা হয়েছে। তাঁদের মতে, এই ধরনের ম্যাচ খেলে ভারতীয় ফুটবলের অতি সামান্য উন্নতি হতে পারে। অথচ এই ম্যাচগুলি খেলার জন্য ফিফা অনুমোদিত আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’’ ব্রাজিল, উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচগুলিকে ফেডারেশনের প্রচারের কৌশল হিসেবে দেখছেন প্রাক্তন ফুটবলারদের একাংশ।
প্রশ্ন তোলা হয়েছে, প্রায় ফাঁকা মাঠে ম্যাচ আয়োজন নিয়েও। ভাইচুংদের বক্তব্য, ‘‘কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়। সেই কলকাতায় ব্রাজিল, উরুগুয়ের মতো দল খেলেছে। অথচ গ্যালারির অধিকাংশ খালি ছিল। কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষের ফুটবল নিয়ে আগ্রহ উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ার কারণ ফেডারেশনের ব্যর্থতা।’’
অভিযোগ করা হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে সঠিক প্রস্তুতি ছাড়া দায়সারা মনোভাব নিয়ে দল পাঠানো নিয়েও। প্রতিযোগিতার আগে কেন একটা প্রস্তুতি শিবির আয়োজন করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।