ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিক্ষোভ, সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত। সোমবার টুঙ্গিপাড়া-সহ গোপালগঞ্জের কয়েকটি এলাকায় হিংসা ছড়িয়েছিল। বৃহস্পতিবার তার আঁচ পৌঁছেছে দেশের অন্তত ১৮টি জেলায়। বুধবার গভীর রাতে চট্টগ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে। বৃহস্পতিবার সেখানে বিএনপির এক সাংসদের বাড়িতেও হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ।
রিপোর্ট অনুযায়ী, চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ইউনূসের পৈতৃক বাড়িটি একটি তিনতলা ভবন। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ওই বাড়ির নীচতলার একটি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। কাছাকাছি এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। তাদের নজরে আগুনের বিষয়টি আসতেই দ্রুত বাড়ির ভিতরে ঢুকে আগুন নেভানো হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। চট্টগ্রাম পুলিশের বক্তব্য, বাড়িটির নীচতলায় বর্তমানে কেউ থাকেন না। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোজাম্মেল হক জানিয়েছেন, কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্যেই বাংলাদেশে অশান্তি বাড়ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রীর প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পাশাপাশি বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরাও। শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ বন্ধের ডাক দিয়ে দেশজুড়ে সভা ও মিছিল করছে বিএনপি। বুধবার নড়াইলে এমনই একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে তিন বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, বাসে আগুন দেওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক চালক।