ওঙ্কার ডেস্ক: আবারও ইন্দোরে জলবাহিত রোগের প্রকোপ। কয়েক সপ্তাহ আগেই ইন্দোরে জলবাহিত রোগে অন্তত ১৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার সেই রেশ কাটতে না কাটতেই ফের জলদূষণ ইন্দোরে। এবার দূষিত জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ২২ জন। তাঁদের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি।
প্রশাসনের আশঙ্কা, আক্রান্তের সংখ্যা ২৫ ছাড়িয়ে যেতে পারে। আশপাশের এলাকা থেকেও নতুন অসুস্থতার খবর মিলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জল খাওয়ার পরেই অসুস্থতার লক্ষণ দেখা দেয়। সেটাই উস্কে দিয়েছে জলে ফের দূষণ ছড়িয়ে পড়ার আতঙ্ক।
বৃহস্পতিবার রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নামেন জেলা প্রশাসনের কর্তারা। আক্রান্ত এলাকাগুলি থেকে খবর আসতে শুরু করতেই তৎপরতা বাড়ানো হয়। জেলা শাসক শিবম ভার্মা রোগীদের সঙ্গে কথা বলেন এবং গোটা পরিস্থিতি তদারকি করেন। শুক্রবার সকাল থেকেই স্বাস্থ্য দফতরের দল ময়দানে নেমে দ্রুত চিকিৎসা পরিষেবা দিচ্ছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
