ওঙ্কার ডেস্ক: ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ প্রকাশ্যে। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৭ সালের কলকাতা বইমেলা হতে চলেছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এবারই ঐতিহ্যবাহী এই মেলা পা দিচ্ছে ৫০ বছরে। দীর্ঘ পাঁচ দশকের পথ পেরিয়ে আরও এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে চলেছে তিলোত্তমায়।
সুবর্ণজয়ন্তীর আয়োজন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মেলা পরিচালনার জন্য রাজ্য সরকারের উদ্যোগে গঠিত হয়েছে ২৪ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি। সেই কমিটিতে রয়েছেন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রতিনিধিরা। এবারের মেলার আয়োজনে থাকছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ইজেডসিসি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট। সোমবার আনুষ্ঠানিক ভাবে মেলার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।
বইমেলায় স্টল বণ্টন নিয়ে অতীতে নানা অভিযোগ উঠেছে। বিশেষ করে নির্দিষ্ট মতাদর্শের প্রকাশকদের জায়গা পাওয়া নিয়ে বিতর্ক হয়েছে। এবার সেই বিতর্ক এড়াতে স্টল বরাদ্দে প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রকাশকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। ডিজিটাল পদ্ধতিতেই স্টল বণ্টনের কাজ সম্পন্ন হবে। তবে এবারের বইমেলার থিম কান্ট্রি নিয়েও কৌতূহল রয়েছে। ইজরায়েলকে থিম কান্ট্রি করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের উপর বিষয়টি নির্ভর করছে।