মাত্র কয়েক মিনিটের দমকা হাওয়া ও বৃষ্টি। নিমেষে লন্ডভন্ড হয়ে গেল এগরার বেশ কয়েকটি গ্রাম। সূত্রের খবর, সোমবার বিকেলে হওয়া আচমকা ঝড়-বৃষ্টির তাণ্ডবে ভেঙে পড়েছে বহু গাছ। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক কাঁচা ও পাকা বাড়ি। সব মিলিয়ে চরম আতঙ্কে সেখানকার সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে এগরার চাটলা, কলসাপোতা এবং চিরুলিয়া গ্রাম-সহ সংলগ্ন এলাকায় হঠাৎ কালবৈশাখীর মতো প্রবল গতিতে হাওয়া বইতে শুরু করে। সেই সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। ঝড়ের দাপটে এলাকার একাধিক জায়গায় একের পর এক বড় বড় গাছ ভেঙে পড়ে। গাছের ডাল ভেঙে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। বেশ কিছু জায়গায় গাছ পড়ে সাময়িকভাবে যাতায়াতের পথও অবরুদ্ধ হয়ে যায়।
পরে হাওয়ার দাপট কমলে দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাই। তাদের তৎপরতায় দ্রুত রাস্তা থেকে বড় গাছের ডালপালা সরিয়ে চলাচলের উপযোগী করে তোলা হয়। পঞ্চায়েত ও প্রশাসনের তরফেও শুরু হয় গাছ কাটার কাজ। তবে আচমকা এই ঘটনায় আতঙ্কের রেশ থেকে কাটিয়ে উঠতে পারছেন না অনেকেই।