ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেছিলেন, তিনি তৃতীয় বিশ্বের সমস্ত দেশকে ভিসা দেওয়া বন্ধ করে দেবেন। তার ২৪ ঘন্টা যেতে না যেতে মার্কিন মুলুকে আফগানিস্তানের নাগরিকদের অভিবাসনের দরজা বন্ধ করে দিল ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের তরফে শনিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘আফগানিস্তানের পাসপোর্টে যাঁরা মার্কিন মুলুকে আসছেন, তাঁদের ভিসা দেওয়া অবিলম্বে স্থগিত করা হল। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন, সেই সমস্ত পদক্ষেপ করছে বিদেশ দফতর।’ মার্কো রুবিয়ো লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিদেশ দফতর সকল আফগান পাসপোর্টধারীকে ভিসা দেওয়া স্থগিত করেছে। দেশ এবং নাগরিকদের সুরক্ষাই সবার আগে।’
কিন্তু কেন এই পদক্ষেপ করলেন ডোনাল্ড ট্রাম্প? আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি হোয়াইট হাউসের সামনে এক বন্দুকবাজ হামলা চালিয়েছিল। সেই ঘটনায় দুই মার্কিন ন্যাশনাল গার্ড নিহত হয়েছিলেন। দুজনের নাম যথাক্রমে সারাহ বেকস্টর্ম (২০) এবং অ্যান্ড্রু উলফ (২৪)। দুই মার্কিনীর মৃত্যুর পর আফগানিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই হামলায় যে জড়িত ছিল, সে ছিল আফগানিস্তানের নাগরিক। ওই বন্দুকবাজের নাম ছিল রহমানুল্লা লাকানওয়াল। সে ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিল। তখন থেকেই সে দেশে থাকছিল অভিযুক্ত। গুলি করে দু’জনকে খুন করার পর নিরাপত্তারক্ষীদের গুলিতে রহমানুল্লারও মৃত্যু হয়। মনে করা হচ্ছে, সম্ভবত সেই কারণেই আফগান নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন।
