ওঙ্কার ডেস্কঃ দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হুমকি’র মুখে করবে না ভারত। বাণিজ্যচুক্তি নিয়ে টানাপোড়েনের সময় ওয়াশিংটনে গিয়ে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োকে এমনই জানিয়ে এসেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শুধু তাই নয়, ডোভাল জানিয়েছিলেন, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে ইচ্ছুক ভারত। প্রায় পাঁচ মাস পর ডোভাল-রুবিয়ো বৈঠকের বিষয় নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করল ব্লুমবার্গ। সেই প্রতিবেদনেই ভারতের অবস্থান নিয়ে ডোভালের বক্তব্য প্রকাশ্যে এসেছে। যদিও ভারত বা আমেরিকা কেউই এই বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি।
ব্লুমবার্গ-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৈঠকে মার্কিন প্রশাসনের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়ে এসেছিলেন ডোভাল। নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ করে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করবে না ভারত, স্পষ্ট জানিয়েছিলেন ডোভাল। রুবিয়োকে ডোভাল বলেন, কোনও অবস্থাতেই ট্রাম্প বা তাঁর শীর্ষ সহযোগীদের ‘দাদাগিরি’ মেনে নেওয়া হবে না। যদি ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া অবধিও যদি অপেক্ষা করতে হয়, তা-ও করতে পারে ভারত।
এই ঘটনার পর ৫ মাস কেটে গিয়েছে। রাজনৈতিক টানাপোড়েন, কুটনীতি, নানা শর্তে বার বার আটকে ছিল ভারত আমেরিকা বাণিজ্যচুক্তি। আদৌ কোনও চুক্তি হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। সেই আবহেই হঠাৎ বাণিজ্যচুক্তির কথা ঘোষণা করেন ট্রাম্প। উচ্ছ্বাস প্রকাশ করেন মোদীও। তবে কবে বাণিজ্যচুক্তি স্বাক্ষর হবে, তা এখনও জানা যায়নি।
