ওঙ্কার ডেস্ক: সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দফতরের তরফে ভারতের মানচিত্র প্রকাশ করা হয়েছিল। যেখানে আকসাই চিন এবং পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু সেই অবস্থান থেকে পিছু হঠল ট্রাম্প প্রশাসন। সমাজ মাধ্যম থেকে ভারতের সেই মানচিত্র মুছে ফেলা হল।
গত ৭ ফেব্রুয়ারি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতায় সম্মত হয়। সে কথা প্রকাশ্যে জানানোও হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা বাণিজ্য প্রতিনিধির দফতরের তরফে সমাজ মাধ্যমে ভারতের ওই মানচিত্রের ছবি প্রকাশ করা হয়। সবুজ ব্যাকগ্রাউন্ডের উপর হলুদ রেখায় আঁকা সেই মানচিত্রে গোটা কাশ্মীরকেই দেখানো হয়েছিল। ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে। কিন্তু চার দিন পর সেই ছবি মুছে ফেলায় জল্পনা তৈরি হয়েছে। কেন মানচিত্র মুছে ফেলা হল তা নিয়ে ওয়াশিংটনের তরফে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশের কোন অংশ ভারতের তা অন্য কোনও দেশের সম্মতি বা দাবির উপর নির্ভর করে না। পাক অধিকৃত কাশ্মীরকে যেমন ভারত নিজেদের বলে স্বীকৃতি দেয়, তেমনই আকসাই চিনকে নিজেদের অংশ বলে জানিয়েছে নয়াদিল্লি। স্বাধীনতার পর থেকে কাশ্মীরের ওই অংশকে অবৈধ ভাবে দখল করে রেখেছে ইসলামাবাদ।
