ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়ে রেখেছে ওয়াশিংটন। যার মধ্যে কেবল ২৫ শতাংশ চাপানো হয়েছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে। এর ফলে নয়াদিল্লি ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য নিয়ে টানাপোড়েন চলছে। এই আবহে ডাভোসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভূয়সী প্রশংসায় ভরালেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মোদীকে ‘ফ্যান্টাস্টিক লিডার’ বলে অভিহিত করেছেন তিনি।
বুধবার ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শীঘ্রই একটি শক্তিশালী ও লাভজনক বাণিজ্য চুক্তি হবে। সেই সঙ্গে মোদীর প্রশংসা করে তিনি বলেন ‘ও ফ্যান্টাস্টিক লিডার’। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটি দারুণ ডিল হবে।’
উল্লেখ্য, নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মসৃণ করতে দুই দেশের কর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন। সেই আলোচনায়ও উঠে এসেছিল বাণিজ্য প্রসঙ্গ। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পরমাণু শক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও দুজনের মধ্যে বিস্তারিত কথা হয়েছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায়। লক্ষ্যমাত্রা হিসেবে সেটাই স্থির করা হয়েছে। বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন মুলুক থেকে আরও বেশি পরিমাণে জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি। যদিও গত বছরের আলোচনা থেকে এখনও কোনও চুক্তির আশা দুই দেশের মধ্যে দেখা যায়নি।
