ওঙ্কার ডেস্কঃ গ্রিনল্যান্ড কিনতে আগ্রহী আমেরিকা। ডেনমার্কের অধীন এই দ্বীপটি নিয়ে ট্রাম্প আগ্রহী হলেও ডেনমার্ক সেই প্রস্তাবে নিমরাজি। স্পষ্টভাবে না বলেছে ডেনমার্ক। তাতেই ক্ষুব্ধ ট্রাম্প এবার অর্থনৈতিক চাপের পথে হাঁটলেন। শনিবার ট্রাম্প ঘোষণা করলেন, ডেনমার্ক সহ ইউরোপের আটটি দেশের উপর চড়া শুল্ক আরোপ করা হবে।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড থেকে আমেরিকায় আমদানি হওয়া সমস্ত পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক বসানো হবে। শুধু এতেই ক্ষান্ত নন ট্রাম্প। হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, ১ জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
গ্রিনল্যান্ড কেনার বিষয় নতুন নয়। আগেও এই প্রসঙ্গ উঠেছে। তবে ট্রাম্পের দাবি, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চিন এই দ্বীপের দিকে নজর রাখছে। ট্রাম্পের বক্তব্য, ডেনমার্ক একা এই দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।
একই সঙ্গে ইউরোপীয় দেশগুলির দিকেও আঙুল তুলেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, আমেরিকা ইউরোপকে আর্থিক ভাবে সাহায্য করে এসেছে। তাই এখন ডেনমার্কের উচিত গ্রিনল্যান্ড ছেড়ে দিয়ে আমেরিকার পাশে দাঁড়ানো। স্পষ্ট ভাষায় ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ‘যত দিন না গ্রিনল্যান্ড কেনার চুক্তি চূড়ান্ত হচ্ছে, তত দিন এই শুল্ক বহাল থাকবে।’
