ওঙ্কার ডেস্ক: ইরান আমেরিকা-ইজরায়েলের যুদ্ধ চারদিনে পড়ল। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই। পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সূত্রের খবর, মঙ্গলবার ভোরে সৌদি আরবের মার্কিন দূতাবাসে আছড়ে পড়ল ইরানি ড্রোন। জ্বলতে থাকা মার্কিন দূতাবাস ভবনের ছবি ভাইরাল হয়েছে। রিয়াধের দূতাবাসে এই হামলার পর ভয়ংকর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়েছেন, এই হামলার পালটা জবাব ভয়ঙ্কর হবে।
মঙ্গলবার সৌদি আরবের এক্স হ্যান্ডেলে বলা হয়, রিয়াধের মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আছড়ে পড়েছে। মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্থ হলেও হতাহতের খবর নেই। কারণ ভোরবেলায় কর্মী বা অন্য কেউ দূতাবাসে ছিলেন না। তাই কারোর মৃত্যু বা আহত হওয়ার খবর মেলেনি।
দূতাবাসে হামলার খবরে ট্রাম্পের হুঙ্কার, “এই হামলার যোগ্য জবাব অবশ্যই দেওয়া হবে। কীভাবে জবাব দেব সেটা এবার দেখবে সবাই।”
সূত্রের খবর, রিয়াধে মার্কিন দূতাবাসে হামলার পরেই মার্কিন বিদেশ দফতর থেকে নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, অবিলম্বে ওই অঞ্চল ছাড়তে হবে মার্কিন নাগরিকদের। বিশেষজ্ঞরা মনে করছেন, এবার ইরানে বড়সড় হামলার ছক করছেন ট্রাম্প। সেকারণেই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের বের করে আনার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
