ওঙ্কার ডেস্ক: ভয়াবহ গ্যাস বিস্ফোরণে পাকিস্তানে মৃত্যু হল ১৬ জনের। জখম হয়েছেন আরও ১৪ জন। বৃহস্পতিবার দক্ষিণ পাকিস্তানের করাচিতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রিপোর্ট অনুসারে, সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে একটি আবাসিক এলাকায় এই বিস্ফোরণ ঘটে। ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাদের খোঁজে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, পাকিস্তানের বিভিন্ন জায়গায় রান্নার জন্য গ্যাস সরবরাহ করা হয়। একই ভাবে করাচিতেও এই পরিষেবা চালু রয়েছে। বাড়ি বাড়ি রান্নার জন্য প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়। তবে, প্রাকৃতিক গ্যাসের চাপ কম থাকার কারণে অনেক বাড়িতে তরল পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রশাসনকে তিনি উদ্ধারকাজে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জখম ব্যক্তিদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। শোক প্রকাশ করেছেন সিন্ধ প্রদেশের মন্ত্রী শারজিল ইনাম মেমন। তিনি বলেছেন, প্রদেশের সরকার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
প্রসঙ্গত, গত জুলাইয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি বাড়িতে নিয়ের অনুষ্ঠান চলাকালীন গ্যাস বিস্ফোরণ হয়। সেই ঘটনায় বর-কনে-সহ আট জন নিহত হন। প্রশাসনের তরফে জানানো হয়েছিল, অতিথিরা যে সময় দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছিলেন সেই সময় বিস্ফোরণটি ঘটে।
