ওঙ্কার ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে গুলি করে খুন কানাডায়। সে দেশের টরেন্টোতে ২৬ বছর বয়সী ওই তরুণীকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বলে পুলিশের দাবি। রিপোর্ট অনুসারে, নিহত তরুণীর নাম নবনীত কৌর। হাম্বারউড বুলেভার্ড ও রেক্সডেল বুলেভার্ডের কাছে তাঁকে গুলি করে খুন করা হয়। তাঁকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হলেও শেষরক্ষা হয়নি।
টরেন্টো পুলিশের তরফে জানানো হয়েছে, নবনীত কৌরের হত্যাকাণ্ডের ঘটনায় ব্র্যাম্পটনের ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম শরণজিৎ সিং। তাঁর বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। টরন্টো পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিট নাগাদ গুলি চালানোর ঘটনা ঘটে। খবর পেয়ে তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় কৌরকে উদ্ধার করেন। সব রকম চেষ্টা সত্ত্বেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ডিউটি ইন্সপেক্টর স্কট ব্র্যাডবেরি সাংবাদিকদের জানান, গুলি চালানোর ঘটনাটি বাড়ির ভিতরে নয়, বরং প্রকাশ্য ঘটেছে। ওই আধিকারিক জানান, ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে পালিয়ে যেতে দেখা গেছে। তাকে খুঁজে বের করতে পুলিশ ড্রোন ও কুকুর কাজে লাগানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, বাইরে সকালে কফি খাওয়ার সময় তিনি ওই তরুণীকে হাম্বারউড ধরে পূর্ব দিকে হেঁটে যেতে দেখেন। এরপর তাঁর পিছু নেয় এক ব্যক্তি। তিনি বলেন, অভিযুক্ত ওই মহিলাকে ডাকলে তিনি ঘুরে দাঁড়ান। এর পর তাঁকে গুলি করেন। এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয়েছে, সন্দেহভাজন সম্পর্কে কারোর কাছে কোনও তথ্য থাকলে তা যেন পুলিশকে জানানো হয়।