ওঙ্কার ডেস্ক: গত ২৫ জুলাই ‘বিহার বনধ’এর ডাক দিয়েছিল পড়ুয়ারা। বিহারের সিওয়ান জেলায় সেই বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের লক্ষ্য করে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি চালাতে দেখা গিয়েছিল এক পুলিশকর্মী। সেই মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অবশেষে তাঁকে সাসপেন্ড করল সরকার।
রিপোর্ট অনুসারে, ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিহার পুলিশের সদর দফতর। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর তাকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। এদিকে জখম হওয়া তিন বিক্ষোভকারী পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। আহতদের মধ্যে এক জন ১৫ বছর বয়সী মহম্মদ আরিফ। তার পরিবারের দাবি, একটি দোকানে কাজ করত ওই কিশোর। বনধের সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ঘাড়ে গুলি লাগে। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করেছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব দোষী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে এক পুলিশ কর্মী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তাঁর দাবি, সব জায়গাতেই একই ধরনের ঘটনা ঘটছে। দিল্লিতে বিক্ষোভকারী পড়ুয়াদের উপর পেলেট গান ব্যবহারের কথাও তিনি উল্লেখ করেন। পুলিশ সূত্রে খবর, এ বিষয়ে বিস্তারিত বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার পুলিশি প্রোটোকল মেনে করা হয়েছিল কিনা, কোনও শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিনা, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।