ওঙ্কার ডেস্ক: ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে লাগাতার হামলা চালাচ্ছে। এই আবহে পাল্টা হামলা শুরু করে দিল তেহরান। ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছু়ঁড়েছে ইরানের বাহিনী। ইরানের সংবাদসংস্থা সূত্রে খবর, তেহরান সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার এবং বাহরিনে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল ইরানে হামলা চালানোর পরই গোটা পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পশ্চিম এশিয়ার বহু দেশে ওয়াশিংটনের সামরিক ঘাঁটি রয়েছে। সেই সেনাঘাঁটিগুলিকেই লক্ষ্য করে পাল্টা হামলার পথে হেঁটেছে ইরান। শনিবার দুপুরে কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রিপোর্ট অনুসারে, ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরশাহীতে এক জন নিহত হয়েছেন।
অন্য দিকে, মধ্যপ্রাচ্যে এই অস্থিরতার কারণে দোহায় ভারতীয় দূতাবাস থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। সে দেশে থাকা সকল ভারতীয়কে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে বাড়ির মধ্যে থাকতে। প্রয়োজন না-হলে বাইরে না-বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইজরায়েলের ভারতীয় দূতাবাসের তরফেও সতর্কবার্তা জারি করা হয়েছে। ইজরায়েল সরকার যে পদক্ষেপ করছে, তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয়দের।
