ওঙ্কার ডেস্ক: চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের সঙ্গে সংঘাতে ৮১টি সামরিক বিমান এবং ড্রোন খুইয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের একটি নতুন রিপোর্ট অনুসারে, এই ক্ষতির মোট পরিমাণ প্রায় ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার। যে সামরিক বিমানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত অত্যাধুনিক যুদ্ধবিমানও।
তালিকায় রয়েছে এফ ৩৫এ লাইটনিং-২, স্টিলথ ফাইটার, এফ ১৫ জেট এবং এমকিউ ৯ রিপার ড্রোন। প্রতিটি এফ ১৫ জেটের মূল্য ৩ কোটি ডলারের বেশি; অন্য দিকে ৪৫টি এমকিউ ৯ রিপার ড্রোন-এর প্রতিটির মূল্য ৩ থেকে ৫ কোটি ডলারের মধ্যে বলে অনুমান করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমান পঞ্চম প্রজন্মের এফ ৩৫এ-এর মূল্য ৯ কোটি ২০ লাখ ডলারেরও বেশি।
‘অপারেশন এপিক ফিউরি: ইউএস এয়ারক্রাফট কমব্যাট ড্যামেজ—কনসিডারেশনস ফর কংগ্রেস’ শীর্ষক রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রাচ্যে বিভিন্ন অভিযানের সময় মার্কিন বাহিনী ১২টি এফ১৫ ই বিমান, একটি এফ ৩৫এ লাইটনিং-২ যুদ্ধবিমান, দুটি এ১০ থান্ডারবোল্ট-২ গ্রাউন্ড-অ্যাটাক বিমান এবং সাতটি কেসি ১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার বিমান হারিয়েছে। ২ মার্চ কুয়েতের আকাশে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের বাহিনীর গুলিতে তিনটি এফ ১৫ জেট ভূপাতিত হয়েছিল। পরের মাসে ইরানের আকাশে আরও একটি জেট ভূপাতিত হয়। এতে আরও বলা হয়েছে যে, ৯ ও ১০ সেপ্টেম্বর জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের বিমান হামলার সময় আরও অন্তত আটটি এফ-১৫ই যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।