ওঙ্কার ডেস্ক: ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত কতদিন চলবে? এই নিয়ে জল্পনার মাঝে বড় দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর কথায়, নভেম্বরে নির্বাচনের পরই যুদ্ধ থেমে যাবে। ট্রাম্পের যুক্তি, দীর্ঘদিন লড়াই চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা ইরানের আর নেই। তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত নন প্রশাসনেরই একাংশ। ওয়াল স্ট্রিট জার্নাল-এর রিপোর্টে দাবি করা হয়েছে, ট্রাম্পের কয়েক জন শীর্ষ উপদেষ্টা তাঁকে ভিন্ন আশঙ্কার কথা জানিয়েছেন। তাঁদের মতে, সংঘাত দ্রুত থামার বদলে আরও দীর্ঘ হতে পারে।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে তিনি জানান, নভেম্বরের ভোট শেষ হলেই যুদ্ধের অবসান ঘটবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালানোর অভিযোগও তোলেন তিনি। এ দিকে যুদ্ধের মধ্যেই ইরানের উপর আন্তর্জাতিক চাপ বেড়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে অসহযোগিতার অভিযোগে তেহরানকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অফ গভর্নরস। বুধবারের ভোটে প্রস্তাবের পক্ষে ছিল ২৩টি দেশ। রাশিয়া, চিন এবং নাইজার বিপক্ষে ভোট দিয়েছে। আরও আটটি দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি।
প্রসঙ্গত, সংঘাতের মাঝে ইরানকে নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর দাবি, ইরান কার্যত ধ্বংসের মুখে। তাঁর মতে, খুব শীঘ্রই দেশটির ভিতরে বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে। ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত করাই তাঁর অন্যতম লক্ষ্য বলেও জানিয়েছেন নেতানিয়াহু। তিনি ইরানের শাসনকে ‘সন্ত্রাসী শাসন’ বলে আক্রমণ করেছেন।