ওঙ্কার ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক অধিকর্তার পদ থেকে সরে দাঁড়ালেন সাইমা ওয়াজেদ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা বুধবার পদত্যাগের সিদ্ধান্ত জানান। হু-এর মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেয়েসুসকে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ ঘিরে বেশ কিছুদিন ধরেই বিতর্কে ছিলেন সাইমা। প্রায় এক বছর ধরে তিনি প্রশাসনিক ছুটিতে ছিলেন। ওই সময় তিনি কোনও বেতনও পাননি বলে জানিয়েছেন। পদত্যাগপত্রে হু নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাইমা। তাঁর দাবি, দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁকে একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছে। পরিস্থিতির জেরে সংস্থার নেতৃত্বের উপর তাঁর আর আস্থা নেই বলেও জানিয়েছেন তিনি।বেতন বন্ধ থাকায় আর্থিক সমস্যার কথাও চিঠিতে উল্লেখ করেছেন সাইমা। দীর্ঘদিন ধরে আয় না থাকায় পরিস্থিতি সামলানো কঠিন হয়ে উঠেছিল। সেই কারণেই শেষ পর্যন্ত পদ ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন হাসিনা কন্যা।
২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের জন্য হু-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক অধিকর্তা হিসেবে দায়িত্ব নেন সাইমা। কিন্তু পরের বছরই তাঁর দায়িত্বে ছেদ পড়ে। ২০২৫ সালের জুলাইয়ে তাঁকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ওই মামলা করা হয়। সেই তদন্তের প্রেক্ষিতেই তাঁকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল বলে মনে করা হয়।
চিন সফরের খরচ নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে সাইমার বিরুদ্ধে। তাঁর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।বাংলাদেশের জমি সংক্রান্ত বিষয় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন সাইমা। চিন সফরের খরচ নিয়ে ওঠা অভিযোগকে প্রশাসনিক ভুল বলে ব্যাখ্যা করেছেন তিনি।