ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুরেও শোধরায়নি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলি। এবার প্রকাশ্যে হিন্দু নিধনের ডাক দিল লস্কর ই তৈবার সহযোগী সংগঠন জম্মুকাশ্মীর ইউনাইটেড মুভমেন্ট। পাকিস্তান-ভিত্তিক এই জঙ্গি গোষ্ঠীর নেতা আবু মুসা কাশ্মীরি জম্মুকাশ্মীরে হিংসা ছড়ানোর ডাক দিয়েছে। পাক অধিকৃত জম্মুকাশ্মীরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই হুমকি দিয়েছে ওই জঙ্গি নেতা। তার দাবি, কাশ্মীর সমস্যার সমাধান কেবল সন্ত্রাসবাদের মাধ্যমেই সম্ভব। মুসার এই হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় গোয়েন্দারা।
মুসার ভাষণের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘ভিক্ষা করে স্বাধীনতা পাওয়া যাবে না। স্বাধীনতা আসবে হিন্দুদের গলা কেটে। তার আরও দাবি, ব্যক্তিগতভাবে এই মত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং অন্যান্য মন্ত্রীদের কাছে পৌঁছে দিয়েছে সে। ‘সন্ত্রাসবাদের মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব’ বলে মন্তব্য করে ওই জঙ্গি নেতা। পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোট জেলার হাজিরা তহসিলের বাহিরা গ্রামে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই বিতর্কিত মন্তব্য করে মুসা। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর পাকিস্তান যে সন্ত্রাসবাদ প্রশ্রয় দেয়, সেই অভিযোগ আরও জোরালো হয়েছে।
কোনও বাধা ছাড়া হিংসায় এমন উস্কানি প্রশাসনের সম্মতি ছাড়া কি সম্ভব? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গোয়েন্দাদের মতে, গত বছর জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার আগে এমন ভিংসাত্মক ভাষণ দিয়েছিল আবু মুসা কাশ্মীরি। তাই, এই ভিডিওটিকে বৃহত্তর সন্ত্রাসী ষড়যন্ত্রের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
