ওঙ্কার ডেস্ক: বিশ্বজুড়ে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। ক্রমশ চাপ বাড়ছে এই গ্যাংয়ের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্স সরকারও এই গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল। কানাডায় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফের বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যকে ফরাসি দেশে গ্রেফতার করা হয়েছে।
রিপোর্ট অনুসারে, ইতিমধ্যে কানাডিয়ান পুলিশ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। দেশটির সরকার গ্যাংয়ের এক সন্দেহভাজন সদস্যকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সে লরেন্সের যে সহযোগী গ্রেফতার হয়েছে তার নাম গারিন্দর দেব। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ শুক্রবার জানিয়েছে, গারিন্দর দেবকে ফ্রান্সে পাকড়াও করা হয়েছে। প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে তাকে এখন কানাডায় নিয়ে আসা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ৪০ বছর বয়সী গারিন্দর দেব ‘ডক্টর’, ‘রকেট’ এবং ‘রিটজ কার্লটন’ নামেও পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ, সে লরেন্স বিষ্ণোই-গ্যাংকে আর্থিকভাবে সাহায্য করেছিল। বিপুল পরিমাণ কোকেন ও হেরোইন সংগ্রহে সাহায্য এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে সেগুলো পাচারের নেপথ্যে গারিন্দরের হাত রয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।
অন্য দিকে কানাডার অভিবাসন ও শরণার্থী ট্রাইব্যুনাল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সন্দেহভাজন সদস্য জশনদীপ সিংকে ভারতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। কপিল শর্মার ক্যাফের বাইরে গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি লুকিয়ে রাখতে সাহায্য করেছিল জশনদীপ। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। জশনদীপ সিং ২০২২ সালে স্টুডেন্ট ভিসায় কানাডায় এসেছিল। যদিও সে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।