ওঙ্কার ডেস্কঃ মোদীর ২ দিনের ইজরায়েল সফর। ভারতের প্রধানমন্ত্রীর সফরে পশ্চিম এশিয়া কেন্দ্রিক নতুন জোটকে এক নতুন মাত্রা দিতে চান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু চান, পশ্চিম এশিয়া এবং তার আশপাশে এমন ‘শক্তি’ গড়ে তুলতে, যা চরমপন্থী সংগঠনগুলিকে জবাব দিতে পারবে! এই জোটের পোশাকি নাম ‘ষড়ভুজ’! আন্তর্জাতিক রাজনৈতিক সমালোচকদের মতে, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক যে ‘ইসলামিক নেটোর’ কথা ভাবছে, তার পাল্টা জোট চান ইজরায়েলের প্রধানমন্ত্রী। যদিও এই জোট নিয়ে ভারতের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
মোদীর সফরের আগেই ‘ষড়ভুজ জোটের’ কথা ঘোষণা করেন নেতানিয়াহু। এই জোটে ভারত ছাড়াও থাকবে গ্রিস এবং সাইপ্রাস। এ ছাড়াও, আরব, আফ্রিকা এবং এশিয়ার আরও কয়েকটি দেশকে এই জোটের অংশ করতে ইচ্ছুক নেতানিয়াহু। তবে জোটের ‘গুরুত্বপূর্ণ’ সদস্য হিসাবে ভারতকেই চান তানিয়াহু।
নতুন জোটের লক্ষ্য, এমন এক অক্ষ তৈরি করা, যা চরমপন্থী কার্যকলাপের বিরুদ্ধে একমত হবে। মূলত প্রতিরক্ষা, নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একজোট হওয়ার ভাবনা। জোটের সদস্য দেশগুলি নিজেদের মতামত ভাগ করে নেবে। সহযোগিতার মাধ্যমে ভাল ফলাফল মিলবে বলেও আশাবাদী নেতানিয়াহু।
মোদীর ইজ্রায়েল সফর নিয়ে উচ্ছ্বসিত নেয়ানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কথায়, ‘‘মোদীর সফরের ফলে অর্থনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি উচ্চ প্রযুক্তি, এআই সহযোগিতাও বাড়বে।’’
একইভাবে মোদীও এই সফর নিয়ে ‘উচ্ছ্বসিত’। তৃতীয় দফায় দায়িত্ব গ্রহণের পরে এটিই তাঁর প্রথম ইজরায়েল সফর। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, গাজা শান্তি পরিকল্পনা, ইজরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ মোকাবিলার লক্ষ্যে বহুপাক্ষিক চুক্তির মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার।
