ওঙ্কার ডেস্ক: পাল্টি খেল ইসলামাবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছিল পাকিস্তান। তার ২৪ ঘন্টা যেতে না যেতে ইরানের পরমাণু কেন্দ্রে আঘাত হেনেছে ওয়াশিংটন। আর তার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে বিবৃতি দিল ইসলামাবাদ।
পাক বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘ইজরায়েলের তরফে ধারাবাহিক আক্রমণের পর, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কেন্দ্রে যে আঘাত হেনেছে, তার তীব্র নিন্দা করছে পাকিস্তান। এতে ওই অঞ্চলে উত্তেজনা বাড়বে বলে আশঙ্কিত আমরা। আবারও বলছি, এই আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং রাষ্ট্রপুঞ্জের বিধি অনুযায়ী আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে ইরানের। ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ বিবৃতিতে ইসলামাবাদ আরও লিখেছে, ‘উত্তেজনা আরও বাড়লে ওই অঞ্চলের বাইরেও পরিস্থিতির অবনতি হতে পারে। নাগরিকদের জীবন ও সম্পত্তির স্বার্থে অবিলম্বে এই সংঘাত বন্ধ করা হোক। আন্তর্জাতিক আইন, বিশেষ করে মানবাধিকার আইন মেনে চলা উচিত সব পক্ষের।’
উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই দাবি ভারত অস্বীকার করেছে। নয়াদিল্লির তরফে সাফ জানানো হয়েছে, পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতির প্রস্তাব আসায় তা গ্রহণ করা হয়েছে, এক্ষেত্রে তৃতীয়পক্ষের কোনও ভূমিকা ছিল না। যদিও ইসলামাবাদ মার্কিন ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিল।
