ওঙ্কার ডেস্ক: সৌদি আরবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবানের সঙ্গে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দোভালের সৌদি আরব সফরের সময় বুধবার দুজনের বৈঠক হয়। প্রসঙ্গত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবান সৌদির প্রতিমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য।
রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে, উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে এবং আঞ্চলিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে লেখা হয়েছে, ‘মাননীয় অজিত দোভাল সৌদি আরবের প্রতিমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ বিন মহম্মদ আল-আইবানের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয়ও উঠে এসেছে।’
উল্লেখ্য, মঙ্গলবার সৌদির রিয়াধে পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারত ও সৌদি আরবের মধ্যে কৌশলগত সম্পর্ক দৃঢ় করতে তাঁর এই সফর। রিয়াধে ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে দোভালকে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডঃ সুহেল আজাজ খান এবং সৌদি আরবের রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী রাষ্ট্রদূত ডঃ সৌদ আল-সাতি। গত ২৮ জানুয়ারি সৌদি আরব পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং দিল্লির লাল কেল্লায় হামলার নিন্দা করেছিল। তার কয়েক দিন পর দোভালের এই সফর।
