ওঙ্কার ডেস্ক : চার দিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। লন্ডনে পৌঁছনোর পর প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ব্রিটেনে ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ। ভারতের অগ্রগতির প্রতি তাদের আকর্ষণ এবং আবেগ সত্যিই হৃদয়গ্রাহী।’ ব্রিটেন রওনা দেওয়ার আগে, এক বিবৃতিতে মোদী বলেন, ভারত এবং ব্রিটেনের সুসংহত কৌশলগত অংশীদারীত্বে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ২০১৪ সালে প্রথম বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী চতুর্থ বারের মত ব্রিটেন সফরে গিয়েছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
বাণিজ্য চুক্তিতে চামড়া, জুতো এবং পোশাকের মতো পণ্যে রফতানি কর তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ব্রিটেন থেকে হুইস্কি এবং গাড়ি আমদানি সস্তা করা হয়েছে, যা ২০৩০ সালের মধ্যে দুই দেশের অর্থনীতির মধ্যে বাণিজ্য দ্বিগুণ করে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উভয় দেশের বাণিজ্যমন্ত্রীদের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর, সেটি কার্যকর হওয়ার আগে ব্রিটিশ সংসদের অনুমোদন লাগবে। ইতিমধ্যে ভারতীয় মন্ত্রিসভা চুক্তিতে সম্মতি দিয়েছে। উল্লেখ্য, ব্রিটেন ভারতে ষষ্ঠ বৃহত্তম বিনিয়োগকারী। দেশে ১,০০০টি ভারতীয় কোম্পানি রয়েছে, যাদের ১,০০,০০০ কর্মচারী রয়েছে, মোট বিনিয়োগের পরিমাণ ২ বিলিয়ন ডলার।
