ওঙ্কার ডেস্ক: এইচ-১বি ভিসার নিয়মে বড়সড় বদল করল ট্রাম্প প্রশাসন। লটারি নয়, এবার থেকে দক্ষতার বিচারেই এইচ-১বি ভিসা দেবে ট্রাম্প। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ভিসার নিয়মে বদলের কথা ঘোষণা করেছে। জানানো হয়েছে, এ বার থেকে দক্ষতা এবং উচ্চহারের বেতনই অগ্রাধিকার পাবে ভিসা পাওয়ার ক্ষেত্রে।
কিন্তু কেন এই সিদ্ধান্ত? মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপের ফলে আমেরিকানদের নিজের দেশে কাজের সুযোগ এবং পরিবেশ আরও সুরক্ষিত হবে। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ভিসার এই নয়া নিয়ম চালু হবে।
বর্তমানে বছরে ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়। তা আরও ২০ হাজার বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের মতে, লটারি ব্যবস্থার মাধ্যমে ‘অসাধু’ নিয়োগকর্তারা সুবিধা ভোগ করতেন। অনেক কম দক্ষ কর্মীদের অল্প বেতনে চাকরি দিয়ে আমেরিকায় আনতেন।
আমেরিকানেরাও এই কারণে দক্ষতা সত্ত্বেও কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই বিষয় নিয়ে নানা সময়ে বিতর্ক সমালোচনা হয়েছে। সেকারণে সব দিক বিবেচনা করেই লটারি ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানানো হয়েছে, এখন থেকে এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে এক লক্ষ ডলার নেওয়া হবে। যাঁরা নতুন করে আবেদন করতে বা ভিসা পুনর্নবীকরণ করতে চান, তাঁদের কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।
