ওঙ্কার ডেস্ক: রাজস্থানে সরকারি চাকরির নামে প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। রাজ্য সরকারের এক যুগ্ম-পরিচালক স্তরের আধিকারিক নিজের স্ত্রীকে ভুয়োভাবে চাকরিতে নিয়োগ দেখিয়ে কয়েক বছর ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। রাজ্য দুর্নীতিদমন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই আধিকারিক দুটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার মাধ্যমে সরকারি প্রকল্পে কাজের নাম করে স্ত্রীকে বেতন দিতেন। কিন্তু তদন্তে জানা যায়, ওই মহিলা কখনওই সংশ্লিষ্ট সংস্থাগুলিতে বা কোনও সরকারি প্রকল্পে কাজই করেননি।
দুর্নীতিদমন দফতরের প্রাথমিক তদন্তে প্রকাশ পেয়েছে, ভুয়ো নিয়োগপত্র তৈরি করে স্ত্রীকে বেতনের তালিকায় যুক্ত করেছিলেন অভিযুক্ত আধিকারিক। সেই সূত্রে প্রায় ৩০ লক্ষ টাকারও বেশি অর্থ তাঁর স্ত্রীর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকার হদিস মিলেছে। সরকারি কোষাগার থেকে এই অর্থ বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়মিতভাবে ওই মহিলার নামে বেতন বাবদ পাঠানো হত।
দুর্নীতিদমন দফতর ইতিমধ্যেই ঘটনাটির বিস্তারিত রিপোর্ট তৈরি করেছে এবং প্রাথমিক প্রমাণ হাতে পাওয়ার পর আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তদন্তে আরও উঠে এসেছে যে, অভিযুক্ত আধিকারিক তাঁর দফতরের প্রভাব খাটিয়ে বেসরকারি সংস্থাগুলিকে সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দিতেন এবং সেই সুযোগে নিজের পরিবারের সদস্যদের নামে ভুয়ো নিয়োগ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করতেন। বর্তমানে ওই আধিকারিকের আর্থিক লেনদেনের বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। তাঁর স্ত্রী ও সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার মালিকদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
পুরো ঘটনার জেরে রাজ্য প্রশাসনের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে, দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিদমন দফতর ইতিমধ্যেই ওই আধিকারিকের সমস্ত সম্পত্তি ও ব্যাংক হিসাবের উপর নজরদারি চালাচ্ছে।
