ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেটোর মহাসচিব মার্ক রাট হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ না করে তাহলে মস্কোর বন্ধু দেশগুলি যারা রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস কেনে, সেই দেশগুলির পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। এই তালিকায় রয়েছে ভারত, চিন এবং ব্রাজিল। নেটো প্রধানের সেই হুঁশিয়ারির পর এবার নিজেদের অবস্থান জানাল ভারত। রাশিয়ার পাশে থাকার বার্তা দিয়ে নয়াদিল্লি স্পষ্ট জানাল, শক্তি সরবরাহের প্রশ্নে কোনও আপস নয়।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল
বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে জানি। আমাদের প্রধান গুরুত্ব হল দেশের শক্তি চাহিদা পূরণ করা। এই বিষয়ে বাজার পরিস্থিতি ও বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবেশ আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে। সেই সঙ্গে আমরা পশ্চিমীদের দ্বিচারিতার নিয়েও সতর্ক করছি।’ বিদেশ মন্ত্রকের মুখপাত্র জয়সওয়াল এই মন্তব্য করেছেন রাটের হুঁশিয়ারির পরে।
উল্লেখ্য, বুধবার মার্কিন সেনেটরদের সঙ্গে বৈঠক করেন নেটোর মহাসচিব। সেই বৈঠকের পর ভারতের নাম নিয়েই হুঁশিয়ারি দেন তিনি। ভারত ছাড়াও ব্রাজিল ও চিনকে উল্লেখ করে সতর্ক করেছেন মার্ক রাট। এই তিন দেশ যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায় তবে কড়া শাস্তির মুখে পড়বে বলে জানান তিনি। রাট বলেন, ‘আপনি চিনের প্রেসিডেন্ট হোন কিংবা ভারতের প্রধানমন্ত্রী হোন অথবা ব্রাজিলের প্রেসিডেন্ট হোন, নিষেধ সত্ত্বেও যদি রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কিনতে থাকেন, তা হলে কী হতে পারে আপনি জানেন! মস্কো যদি শান্তি আলোচনাকে গুরুত্ব না দেয়, তবে আপনাদের উপরেও ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’
