ওঙ্কার ডেস্ক: খুব শীঘ্রই রাশিয়া ও ইউক্রেনকে নিয়ে আলোচনার টেবিলে বসতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধ করতে এই ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার আগে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মুখোমুখি বসিয়ে দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করছেন।
উল্লেখ্য, সোমবার ওয়াশিংটনের ওভাল অফিসে বৈঠকে বসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠক থেকে তাৎক্ষণিক ভাবে যুদ্ধবিরতির কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওভাল অফিসে বাক বিতণ্ডায় জড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই ঝামেলার জেরে মাঝপথে বৈঠক ভেস্তে গিয়েছিল। সেই ঘটনার প্রায় সাড়ে পাঁচ মাস পরে ফের দু’জন আলোচনার টেবিলে বসলেন। বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, অস্ত্র কিনতে ইউরোপীয় দেশগুলি তাঁদেরকে আর্থিক সাহায্য করবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৯ হাজার কোটি ডলারের অস্ত্র কিনবে ইউক্রেন।
সূত্রের খবর, আগামী দু’সপ্তাহের মধ্যেই জেলেনস্কি এবং পুতিন বৈঠকে বসবেন। ইউক্রেনের প্রেসিডেন্টও জানান, ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাশিয়া প্রস্তুত। ওয়াশিংটনের সঙ্গে তার পরে ত্রিপাক্ষিক বৈঠকেও রাজি মস্কো। দ্বিপাক্ষিক বৈঠকের আগে যাতে কোনও আগাম শর্ত চাপানো না হয় তার উপরে জোর দেন জেলেনস্কি। তিনি জানান রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যে কোনও ধরনের আলোচনায় প্রস্তুত ইউক্রেন।
