ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দেশটির সংসদে তিনি বলেন, কৌশলগত স্বার্থের জন্য ইসলামাবাদকে ওয়াশিংটন ব্যবহার করেছে এবং ‘টয়লেট পেপারের চেয়েও খারাপ ভাবে’ ছুঁড়ে ফেলে দিয়েছে।
সংসদে ভাষণ দেওয়ার সময় আসিফ বলেন, ১৯৯৯ সালের পর ওয়াশিংটনের সঙ্গে আবারও জোট বাঁধার সিদ্ধান্ত, বিশেষ করে আফগানিস্তানের ক্ষেত্রে, পাকিস্তানকে বড়সড় ক্ষতির মুখে ফেলেছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আফগানিস্তান সংঘাতে পাকিস্তানের জড়িত থাকার দাবি তিনি অস্বীকার করেছেন। তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, পাকিস্তানিদের ঐক্যবদ্ধ করে জিহাদের নামে যুদ্ধে পাঠানো হয়েছিল, এটি বিভ্রান্তিকর এবং ধ্বংসাত্মক। আসিফ বলেন, এই যুদ্ধগুলিকে বৈধতা দেওয়ার জন্য পাকিস্তানের শিক্ষা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছিল। আদর্শগত এই পরিবর্তনগুলির মধ্যে অনেকগুলি আজও টিকে আছে বলে তিনি জানান। তিনি যুক্তি দেন, ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত-বিরোধী যুদ্ধ মার্কিন ভূ-রাজনৈতিক স্বার্থ দ্বারা নির্ধারিত হয়েছিল। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিজস্ব নয় এমন সংঘাতে পাকিস্তানের অংশগ্রহণ দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা এবং সামাজিক ক্ষতির কারণ হয়েছিল। যা এখনও সম্পূর্ণ ভাবে পুনরুদ্ধার করা যায়নি।
আসিফ বলেন, ১৯৯৯ সালের পরে, বিশেষ করে ১১ সেপ্টেম্বর, ২০০১ সালের হামলার পর, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ হওয়ার মূল্য ছিল ভয়াবহ। প্রয়াত সামরিক শাসক জিয়া-উল হক এবং পারভেজ মোশাররফকে নিশানা করেন পাকিস্তানকে বহিরাগত যুদ্ধে জড়িয়ে ফেলার জন্য।
