ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে নিশানা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থী জোহরান মামদানি। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, তিনি মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাঁকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেবেন তিনি।
সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে জোহরান মামদানি বলেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’। গাজায় তাঁর নির্দেশে গণহত্যা চালানো হচ্ছে বলে জোহরান অভিযোগ করেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জোহরানের কথায়, ইজরায়েলের প্রধানমন্ত্রী নিউইয়র্কে এলে তাঁকে বিমানবন্দরেই গ্রেফতার করা হবে। তবে আদৌ কি নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দিতে পারেন জোহরান? আইনজ্ঞরা বলছেন, নেতানিয়াহুকে গ্রেফতার করলে ফেডারেল আইন লঙ্ঘিত হবে। নিউইয়র্কে বহু ইহুদি মানুষ বাস করেন। তাঁদের মধ্যে জোহরানের এই হুঁশিয়ারি প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
উল্লেখ্য, এর আগেও জোহরান নেতানিয়াহুকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিউইয়র্ক এলে নেতানিয়াহুকে গ্রেফতার করবেন তিনি। বৃহস্পতিবারের সাক্ষাৎকারেও জোহরান তাঁর পুরনো সেই বক্তব্যকে আবার সমর্থন করলেন। প্রসঙ্গত, মেয়র প্রতিযোগিতায় জোহরানের প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো। যিনি কিনা ইজরায়েলের প্রবল সমর্থক। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনি স্বেচ্ছায় তাঁর আইনি দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
