ওঙ্কার ডেস্কঃ শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইবুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর সে দেশের সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির কোনও জবাব দেয়নি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি আগেই সায় দিয়েছিল। বৃহস্পতিবার ফের ভারত সরকারের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটি। তারা বলেছে, মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। ভারতের এই সিদ্ধান্ত ভারতের ঐতিহ্য ও পরম্পরাকেই ধারণ করছে।
কিছুদিন আগে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কবে দেশে ফিরবেন সেটা তাঁর সিদ্ধান্ত। ভারত সরকার এই ব্যাপারে কোন সিদ্ধান্ত নেবে না।’
বিদেশ মন্ত্রকের সংসদীয় কমিটির সিদ্ধান্তের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। ফলে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে প্রথমসারির সব দল ফের সিলমোহর দিল। সংসদীয় কমিটির এই সিদ্ধান্ত শেখ হাসিনা এবং আওয়ামী লিগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
