ওঙ্কার ডেস্ক: সিডনির সমুদ্রসৈকতে ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই হামলায় জড়িত দুই অভিযুক্তের মধ্যে একজন ছিলেন হায়দরাবাদের বাসিন্দা এবং ভারতীয় পাসপোর্টধারী—এমনটাই জানিয়েছে তেলেঙ্গানা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম সাজিদ আক্রম। অস্ট্রেলীয় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তেলেঙ্গানা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, সাজিদ আক্রম দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করলেও তিনি ভারতীয় নাগরিকত্ব বজায় রেখেছিলেন।
কে এই সাজিদ আক্রম?
তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) জানান, সাজিদ আক্রম হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। ১৯৯৮ সালের নভেম্বর মাসে তিনি ছাত্র ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি দেন। তার আগে তিনি হায়দরাবাদ থেকেই ব্যাচেলর অব কমার্স ডিগ্রি অর্জন করেন। প্রায় ২৭ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও এই সময়ে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল খুবই সীমিত। সাজিদ আক্রম ২০২২ সালে হায়দরাবাদে এসেছিলেন। তার দুই সন্তান—এক ছেলে (যিনি এই হামলার আরেক অভিযুক্ত) ও এক মেয়ে—অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন এবং তারা অস্ট্রেলীয় নাগরিক। এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে নিরাপত্তা ও চরমপন্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
