ওঙ্কার ডেস্কঃ সাতসকালে কেঁপে উঠল আসাম। সোমবার ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ মাঝারি মাত্রার ভূমিকম্প হয় আসামে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎসস্থল ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে মরিগাঁও জেলা। ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল এপিসেন্টার।
ভোরবেলা ভূমিকম্পে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। প্রশাসন জানিয়েছে, কোথাও প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতির খবর নেই।
প্রশাসন সূত্রে খবর, কামরূপ, মহানগর পূর্ব ও পশ্চিম, কার্বি আংলং, হোজাই, ডিমা, হাসাও গোলাঘাট, জোরহাট, শিবসাগর, চরাইদেও, কাছাড়, করিমগঞ্জ, ধুবড়ি প্রায় সব জেলাই কেঁপে ওঠে। শুধু দক্ষিণ আসাম নয়, উত্তর আসামের একাধিক জেলাতেও ভূমিকম্পের ঝাঁকুনি টের পেয়েছে বলে জানা যাচ্ছে। দরং, তামুলপুর, সোনিতপুর, কামরূপ বিশ্বনাথ, উদালগুড়িতে ভালো অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
আসাম ছাড়া ভূমিকম্পের প্রভাব পড়েছে গোটা উত্তর-পূর্ব ভারতে। মধ্য-পশ্চিম অরুণাচল প্রদেশ, গোটা মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় কম্পন ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে জানাচ্ছে সিসমোলজি রিপোর্ট।
গত ডিসেম্বর মাসেই জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তর ও পূর্বাঞ্চল।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। গত অক্টোবরেও ৬.০ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে ছিল হনশুর পূর্ব উপকূল।
