ওঙ্কার ডেস্ক: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চার বছর অতিক্রান্ত। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা না থাকলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আর কোনও বৈঠকে বসবেন না।
এর আগে শান্তি চুক্তি অগ্রসর করার উদ্দেশ্যে বুদাপেস্টে দুই নেতার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। এশিয়া সফরে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আগে নিশ্চিত হতে চাই যে আমরা সত্যিই কোনও চুক্তি করতে যাচ্ছি কি না। আমি আমার সময় নষ্ট করব না।’ ট্রাম্প আরও বলেন, ‘ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ভালো ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি সত্যিই হতাশাজনক।’
ট্রাম্প ও পুতিনের সর্বশেষ বৈঠক হয়েছিল ১৫ আগস্ট আলাস্কায়, যা উভয় পক্ষই ইউক্রেন যুদ্ধ বন্ধে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছিল। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প যখন শান্তি প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করছেন। সেই সময়েও ইউক্রেনে হামলা অব্যাহ রেখেছে রাশিয়া। কার্যত হামলা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবার রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত চার জন নিহত এবং ২০ জন আহত হন।
এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে নতুন করে সামরিক সহায়তার আর্জি জানিয়েছেন। শুক্রবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানান, যেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কেবল দুটি তেল কোম্পানির মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো তেল খাতজুড়ে সম্প্রসারিত করা হয়। পাশাপাশি, মস্কোর উপর পাল্টা আক্রমণ জোরদার করতে তিনি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের দাবি জানান।
