ওঙ্কার ডেস্কঃ বুধবার রাতে আকাশসীমা পাঁচ ঘণ্টার জন্য বন্ধ রাখল ইরান। প্রথমে দু’ঘণ্টার জন্য, পরে আরও তিন ঘন্টার জন্য। যদিও ইরানে যাতায়াতের জন্য যে আন্তর্জাতিক বিমানগুলির অনুমতি ছিল, সেগুলোর প্রবেশে কোনও বাধা ছিল না।
কী কারণে এই সিদ্ধান্ত নিল তেহরান তা স্পষ্ট নয়। ইরান সরকারের পক্ষ থেকে এই নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। বেশ কিছু দিন ধরেই উত্তাল ইরান। আমেরিকার হুঁশিয়ারি, পালটা তাদের হুঁশিয়ারি নিয়ে পরিস্থিতি জটিল হয়ে রয়েছে। বুধবার কাতার থেকে সেনা সরিয়েছে পেন্টাগণ। তারপরই ইরানের আকাশসীমা বন্ধ হয়। সব কিছুর কারণ এক সুতোয় জোড়া কিনা তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধের সম্ভবনা রয়েছে।
আকাশসীমা আচমকা বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়েছে উড়ান পরিষেবায়। এয়ার ইন্ডিয়া ইতিমধ্যে একটি বিবৃতি জারি করেছে। তারা জানিয়েছে, ইরানের আকাশসীমা বন্ধ হওয়ার ফলে ইরানের উপর দিয়ে যে বিমানগুলির যাওয়ার কথা ছিল, সেগুলিকে বিকল্প পথে চলাচল করাতে হচ্ছে। ফলে সময় লাগছে। ইরানের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে ইন্ডিগোও। তারাও জানিয়েছে, ইরানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশ কিছু আন্তর্জাতিক বিমান পরিষেবা প্রভাবিত হতে পারে।
প্রসঙ্গত কাতার থেকে আমেরিকা সেনা সরানোর পর থেকেই ইরানে উত্তেজনা বৃদ্ধি পায়। কারণ, গত বছরের জুনে ইরানে মার্কিন হানার আগেও সেনা সরানো হয়েছিল। ঠিক তার পরেই ইরানের তিন পরমাণুকেন্দ্রে বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।
