ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার বৈঠক চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই সভায় অংশ নিতে মার্কিন মুলুকে পৌঁছেছে। ইরানের কূটনীতিকরাও নিউইয়র্কে গিয়েছেন। তবে তেহরানের কূটনীতিকদের কেনাকাটার উপর কোপ দিল ট্রাম্প প্রশাসন। তেহরানের প্রতিনিধিরা কোনও বিলাসবহুল পণ্য মার্কিন বাজার থেকে কিনতে পারবেন না। যদি কিনতে হয় তাহলে আগাম অনুমতি নিতে হবে।
জানা গিয়েছে, চলতি সেপ্টেম্বরে ইরানি কূটনীতিকদের নিয়ে বিশেষ বিধিনিষেধ প্রকাশ করেছে মার্কিন ‘ফেডারেল রেজিস্টার’। সেখানে বলা হয়েছে কস্টকো-সহ যে কোনও পাইকারি খুচরো বিক্রেতাদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন না ইরানের কূটনীতিকরা। শুধু তাই নয়, তেহরানের কূটনীতিকদের পরিবারের সদস্যরাও এই নিয়মের আওতায় পড়বেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে ইরানের কূটনীতিকরা মার্কিন বাজার থেকে বিলাসবহুল পণ্য কিনছেন। তাঁদের পরিবারের সদস্যরাও এই সুবিধা উপভোগ করছিলেন। এ বার থেকে এই নতুন নিয়মের ফলে সারা বছর ধরেই তাঁরা মার্কিন বাজার থেকে পণ্য কিনতে পারবেন না। গত ২২ সেপ্টেম্বর জারি করা বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের তরফে জানানো হয়েছেম, দারিদ্র, জল ও বিদ্যুতের তীব্র অভাব রয়েছে ইরানে। দুর্ভোগে রয়েছেন সেদেশের সাধারণ মানুষ। এই অবস্থায় তেহরানের গুটি কয়েক ব্যক্তিকে আমরা নিউ ইয়র্কের বিলাসবহুল সামগ্রী কেনার সুযোগ দিতে পারি না। প্রসঙ্গত, রাষ্ট্রসঙ্ঘে কোনও বৈঠক থাকলে এত দিন নিউ ইয়র্কের পাইকারি ও খুচরো বাজার থেকে দামি টেলিভিশন, ঘড়ি, গয়না, ইত্যাদি কিনতেন তেহরানের প্রতিনিধিরা। এ বার তা বন্ধ হতে চলেছে।
