ওঙ্কার ডেস্ক: গত ১৩ জুন ইরানে নজিরবিহীন ভাবে আক্রমণ করে ইজরায়েল। তার পর থেকে পাল্টা আঘাত হানছে ইরান। দুই দেশের এই সংঘাতের জেরে ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই আবহে নিজের কতটা ক্ষতি হয়েছে তা জানাতে গিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তাঁর ছেলে আভনারের বিয়ের অনুষ্ঠান দ্বিতীয় বারের মত বাতিল করতে হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইজরায়েলের সোরোকা হাসপাতালে প্রত্যাঘাত করে ইরান। তেহরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালটি। বেশ কয়েকজন আহত হন। এদিন সেই হাসপাতাল পরিদর্শনে যান বেঞ্জামিন নেতানিয়াহু। হাসপাতালের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধহ্যমকে নেতানিয়াহু বলেন, ‘আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার পরিবারও এর ব্যতিক্রম নয়।’ এখানেই না থেমে তাঁর সংযোজন, ‘ইরানের ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে আমার ছেলে আভনারের বিয়ের আয়োজন বাতিল করতে হয়েছে।’
উল্লেখ্য, বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলে আভনার নেতানিয়াহুর এর আগে বিয়ে ঠিক হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে। নিরাপত্তার কারণে সে সময় বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়। পরে নতুন করে বিয়ের তারিখ নির্ধারণ করা হয় ২০২৫ সালের ১৬ জুন। কিন্তু তার আগেই শুরু হয় ইরান ইজরায়েলের মধ্যে সংঘাত। ফলে অনির্দিষ্ট কালের জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রীর ছেলের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে গেল। অন্য দিকে ছেলের বিয়ে নিয়ে এমন মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের পার্লামেন্ট সদস্য গিলাদ কারিভ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইরায়েলে এমন বহু পরিবার আছে, যারা এখন আর কোনো দিন বিয়ের আনন্দ উদযাপন করার সুযোগ পাবে না।
